
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে এক বিএনপি নেতাকে ফিল্মী স্টাইলে মারধর করেছে কতিপয় যুবক। একই সময়ে তার কাছে থাকা সাড়ে সাত লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ করেছেন মারধরের শিকার ওই নেতা।
বুধবার (১৫ ডিসেম্বর) রাত নয়টার দিকে উপজেলার বারমারী বাজারে এ ঘটনা ঘটে। আহত ইউনিয়ন বিএনপি’র সভাপতি মজিবুর রহমান চৌধুরী বর্তমানে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি’র সভাপতি কনস্ট্রাকশন ব্যবসায়ী মজিবুর রহমান চৌধুরী (৪৫) দিনভর ময়মনসিংহে ব্যবসায়িক কাজ সেড়ে রাতে বারমারী বাজারের দক্ষিণে বাস স্টেশন এলাকায় সাইফুল ইসলামের ওষুধের ফার্মেসীতে বসা ছিলেন। রাত নয়টার দিকে ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহসভাপতি দরবেশ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক সোহেল (৩৫) এর নেতৃত্বে নুহু মিয়ার ছেলে ফরহাদ (৩০), ইন্তাজ আলীর ছেলে রাকিব (২৮) ও ইব্রাহিম এর ছেলে মজিবর (৩৩) এরা মিলে মোটরসাইকেলযোগে এসে মজিবুর চৌধুরীকে ডেকে দোকান থেকে বাইরে বের করে। পরে অতর্কিতে মজিবুর রহমানের উপর চড়াও হয় এবং উপর্যুপরি কিলঘুষি মারতে শুরু করে। শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে মজিবুর রহমানকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করেন। ততক্ষণে সোহেলসহ সঙ্গীয়রা মজিবুরের সাথে থাকা সাড়ে সাত লাখ টাকা নিয়ে সটকে পড়ে বলে অভিযোগ করেন আহত মজিবুর চৌধুরী ও তার সঙ্গীয়রা। মারধরে মজিবুর চৌধুরীর নাক ফেটে গেছে এবং জিহ্বা কেটে গেছে।
স্থানীয় সূত্র জানায়, সোহেল একজন মাদকাসক্ত ও উশৃঙ্খল যুবক। এর আগে মাদক মামলায় সে হাজতবাস করেছে। মূলত মজিবুরের সাথে থাকা ময়মনসিংহ থেকে ব্যবসায়িক কালেকশনের সাড়ে সাত লাখ টাকা ছিনতাই করতেই এমন ঘটনা ঘটিয়েছে বলে তাদের অভিমত। তবে পেছনে অনুষ্ঠিতব্য বিএনপি’র কাউন্সিলকে ঘিরে বা নেপথ্যে স্থানীয়ভাবে রাজনৈতিক কোন কারণ থাকতে পারে বলেও অনেকের ধারণা।

এ বিষয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল। তিনি জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।