যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া গ্রামস্থ জামসেদের মোড়ে জমিজমা সংক্রান্ত বিষয়ে চাচা আব্দুল মান্নান ওরফে মান্নু (৬৫) এর হাতে ভাইপো জুয়েল (৩৬) নিহত হয়েছে। নিহত জুয়েল হাড়িয়াদেয়াড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, ঝিকরগাছা থানাধীন হাড়িয়াদেয়াড়া গ্রামস্থ জামসেদের মোড়ের উপর বাবুলের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ৭টার সময় পিতা ও চাচা আব্দুল মান্নান ওরফে মান্নু’র মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয়ের কথা কাটাকাটি হয়। তখন পিতাকে থামানোর জন্য জুয়েল হাজির হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা চাচা ও চাচাতো ভাইদের আক্রমণের একপর্যায়ে মেহুগনী গাছের ডাল দিয়ে নিহতের মাথায়, হাতে ও পায়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখম হওয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে ওখানেও তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতাল পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক রাত ৭টা ৪৫মিনিটের সময় তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আটজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, এ ঘটনায় নিহতের পিতা ৮ জনকে চিহ্নিত করে মামলা দায়ের করেছেন। একজনকে গ্রেফতার করা হয়েছে। আশাকরি অতিদ্রুত আমরা সকল আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো।