
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৃথক দুই নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং একজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে ভোগাই ও চেল্লাখালীর দু’টি পয়েন্টে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস।
জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চেল্লাখালী নদীর বারমারী বাজারের পশ্চিমাংশে রসুল মিয়াসহ কতিপয় বালু ব্যবসায়ী অবৈধভাবে নদীর তীরের আবাদি জমি খুঁড়ে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চারজনকে আটক করেন। পরে যাচাই-বাছাই শেষে দু’জনকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে বালু মহালের বাইরে ভোগাই নদীর গোবিন্দনগর এলাকায় কয়েকজন বালু ব্যবসায়ী বিভিন্ন সময় অবৈধভাবে বালু উত্তোলন করছিল। সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে আটক করেন এবং চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তবে প্রকৃত অপরাধী তথা বালু উত্তোলনকারীকে অভিযানের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী। তারা জানান, যাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে তারা বালু শ্রমিক, দিন আনে দিন খায়। আসল অপরাধী ধরাছোয়ার বাইর রয়ে গেছে।