
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ৪র্থ ধাপে অনুষ্ঠিত ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
তীব্র শীত উপেক্ষা করে টিয়াখালী, নীলগঞ্জ ও চাকামইয়া ইউনিয়নের ২৭টি ভোট কেন্দ্রের ১৬১টি বুথে শতকরা ৭৪ ভাগ ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। এতে নীলগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকের মো: বাবুল মিঞা ৮ হাজার ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা মার্কার মো: আনোয়ার শিকদার পেয়েছেন ৬ হাজার ৪০ ভোট। টিয়াখালী ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কলাপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান সুজন মোল্লা ৪ হাজার ১০৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মো: মশিউর রহমান শিমু মীরা নৌকা প্রতীকে নির্বাচন করে পেয়েছেন ৩ হাজার ১৫৫ ভোট। চাকামইয়া ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো: মজিবুর রহমান ৩ হাজার ৩৯৯ পেয়ে নির্বাচিত হয়েছেন। ৩ হাজার ১১০ ভোট পেয়ে হাতপাখা মার্কার আব্দুল জলিল মিয়া হয়েছেন দ্বিতীয়। আর নৌকা মার্কার প্রার্থী মো: হুমায়ন কবির ২ হাজার ৪৭৪ ভোট পেয়েছেন।
কলাপাড়া উপজেলা নির্বাচন আফিস সূত্র জানায়, ৩টি ইউপি নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে রবিবার সকাল থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। টিয়াখালী ইউনিয়নে মোট ১২ হাজার ৫০৫ জন, চাকামইয়া ইউনিয়নে ১৪ হাজার ৫৮ জন এবং নীলগঞ্জ ইউনিয়নে ২৩ হাজার ১৯০ জন ভোটার।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার আবদুর রশিদ জানান, প্রশাসনিক কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তিন ইউনিয়নের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।