
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ২০ হাজার মিটার অবৈধ ঘন ফাঁসের জাল আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে মহিপুরের নিজামপুর কোস্টগার্ড সদস্যরা বঙ্গোপসাগরের মোহনায় খাজুরা ও আন্দারমানিক নদীতে অভিযান চালিয়ে এ অবৈধ জাল আটক করে। অভিযানের টের পেয়ে জেলেরা সটকে পড়েছে। পরে কোস্টগার্ড স্টেশনের সোনাতলা নদীর তীরে আটককৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। অবৈধ এ জালের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে কোস্টগার্ড সূত্রে জানা যায়।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা সাংবাদিকদের বলেন, এ জালগুলো একেবারেই অবৈধ। এতে বিভিন্ন প্রজাতির ছোট মাছগুলো মারা যায়। তাই কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ এ ঘন ফাসের জাল আটক করে পুড়িয়ে ফেলেছে এবং মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।