
শ্রীবরদী (শেরপুর) : পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য শেরপুরের শ্রীবরদী উপজেলার ৮নং খড়িয়া কাজির চর (কেকের চর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সাবেক তিন বারের পরীক্ষিত চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী।
জানা গেছে, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে শ্রীবরদী উপজেলার ৮নং খড়িয়া কাজির চর (কেকের চর) ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৬ ডিসেম্বর উপজেলার বাকী ৯টি ইউনিয়ন পরিষদে চতূর্থ ধাপে নির্বাচন সম্পন্ন হয়েছে। ফলে উপজেলার একটিমাত্র ইউনিয়নের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগ্রহ সবার। বিশেষ করে, ৯টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ২টিতে বিজয়ী হলেও অপর ৭টিতে ভরাডুবি হয়েছে। এ কারণে খড়িয়া কাজির চর ইউপি নির্বাচনে সবার দৃষ্টি ভিন্ন। একদিকে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও দীর্ঘদিনের পরীক্ষিত চেয়ারম্যান হিসেবে শাজহান এর যেমনি রয়েছে সুখ্যাতি। তেমনি দলীয় প্রতীকের প্রতি ভোটারদের আগ্রহ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় শাহজাহানের পাল্লা যেন আরও ভারি হয়েছে।
গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত সময়গুলোতে সর্বমোট তিনবার জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন শাহজাহান আলী। এ তিনবারই দায়িত্ব পালনকালে সরকার প্রদত্ত বিভিন্ন প্রকল্প ও অনুদান জনগণের মাঝে সুষ্ঠুভাবে বণ্টনের পাশাপাশি সামাজিক নানা কর্মকান্ডে তিনি নিরলসভাবে তিনি লেগে ছিলেন। বয়স্ক ভাতা ও বিধবা ভাতা প্রদানসহ নানাপ্রকার সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রেও তার কাছে কোনরূপ লেনদেন করতে হয়নি।
স্থানীয়রা জানান, শাহজাহান চেয়ারম্যান এর পিতা মরহুম বাছির উদ্দিন কমান্ডার ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তার জেঠা আব্দুস সামাদও একই ইউনিয়নের তৎকালীণ প্রেসিডেন্ট (চেয়ারম্যান) হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। পশ্চিম লঙ্গরপাড়া গ্রামের এ মন্ডল পরিবারের হাতে গড়ে উঠেছে উচ্চ বিদ্যালয়, মাদরাসা, ঈদগাহসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। বলাচলে বেশিরভাগ সময় এ ইউনিয়নের নেতৃত্বে ছিলেন শাহজাহান চেয়ারম্যান তথা মন্ডল পরিবারের সদস্যরা। ফলে ইউনিয়নজুড়ে এখনও খ্যাতির সাথে প্রভাব বিস্তার হয়ে আছে পরিবারটির।
অন্যদিকে বিএনপি ঘরাণার এ প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় বিএনপি ও সমমনা রাজনৈতিক সংগঠনগুলোর অধিকাংশ নেতাকর্মীরা প্রচারণায় নেমেছেন আঁটসাঁট বেঁধে। জেলা বিএনপি’র বর্তমান কান্ডারী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এর নিজ ইউনিয়ন হওয়ায় সঙ্গতকারণেই এ হাওয়ায় আরও বেশি গতি পেয়েছে।
শুক্রবার রাতে হালগড়া এলাকায় শাহজাহান আলীর এক নির্বাচনী সভায় গিয়ে দেখা যায় সর্বস্তরের মানুষের ঢল। ভোটাররা জানান, এবার যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন শাহজাহান আলী। শুধু তাই নয়, প্রধান দুই প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র দুই প্রার্থীর মাঝে- এমনটিও ইঙ্গিত দিয়েছেন অনেকেই।
ভোটাররা জানান, গেল নির্বাচনে একটি কেন্দ্রের প্রায় ৯৯ ভাগ ভোট গ্রহণ সম্পন্ন দেখিয়ে সে ভোটেরও প্রায় নিরানব্বই ভাগ দেখানো হয়েছিল এক প্রার্থীর অনুকূলে। সুষ্ঠু ভোট হয়নি দাবী করে তারা জানান, ওই নির্বাচনেও প্রভাব বিস্তার করে দখলে না নিলে শাহজাহান আলী চেয়ারম্যান নির্বাচিত হতেন। এবার যেহেতু অন্যান্য জায়গায় সুষ্ঠু নির্বাচন হয়েছে। সে হিসেবে ৫ জানুয়ারি নির্বাচন সুষ্ঠু হলে চতূর্থ বারের মতো শাহজাহান সাহেব আবারও চেয়ারম্যান নির্বাচিত হবেন।