
শেরপুর : শেরপুরে আগুনে ভস্মীভূত হয়েছে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান। রোববার (২ জানুয়ারি) ভোরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুজন মিয়া জানান, আমার সাদিয়া কসমেটিকস ব্যবসাপ্রতিষ্ঠানে গত রাতেও মালামাল এনেছি। আমার মোট ৩টি গোডাউনে কসমেটিকস, প্লাস্টিক ও সুতার আইটেম ছিল। আগুনে আমার সব শেষ হয়ে গেছে।
ধান চাল ব্যবসায়ী আবুল কালাম জানান, ১ জানুয়ারি আমার গুদামে অনেক চাল আমদানী করা হয়েছে। আজ ভোরে বাজারের পাহারাদার আমাকে ঘুম থেকে ডেকে নিয়ে আসে। এসে দেখি সব পুড়ছে। দ্রুত সময়ে আগুন এক দোকান থেকে অন্য দোকানে ছড়িয়ে পড়েছে। আমার সব শেষ হয়ে গেছে।

ঝর্ণা চাল আড়তের মালিক হযরত মিয়া জানান, আমার ব্যবসাপ্রতিষ্ঠানে আতপ চালসহ নানা ধরণের চাল ছিল। আগুনে সব পুড়ে কয়লা হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।
লছমনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই জানান, আগুনে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। ব্যবসায়ীরা একদম পথে বসে গেছেন।
তিনি আরও বলেন, স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলেও তারা লেট করে এসেছে। এরপর ক্ষতি কমাতে আশপাশের লোকজন পানি দিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারের দোকানগুলো খুব কাছাকাছি। তাই দ্রুত সময়ে আগুন এক দোকান থেকে অন্য দোকানে ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী জাবেদ হোসেন তারেক জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের প্রমাণ মিলেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।