
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রথমবারের মতো শৈবালের চাষ শুরু হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে ঝাউবাগান ও গঙ্গামতি পয়েন্টের সমুদ্রে ১০ জন কৃষক এ সী-ঊইড চাষ শুরু করে। বাংলাদেশ সী-ঊইড গ্রোয়ার এন্ড এক্সপোর্টার এ্যাসোসিয়েশন কক্সবাজার থেকে বিনামূল্যে রশি ও সী-ঊইডের বীজ কৃষকের মাঝে সরবারহ করেন।
এর আগে মঙ্গলবার বিকেলে কুয়াকাটার পর্যটন হলিডে কমপ্লেক্সের হলরুমে সী-ঊইড চাষ উদ্বোধন উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সী-ঊইড গ্রোয়ার এন্ড এক্সপোর্টার এ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক জিয়াউল ইকবাল জুয়েলের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র মো: আনোয়ার হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সী-ঊইড গ্রোয়ার এন্ড এক্সপোর্টার এ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও এ্যাস্ট্রোলোজার আবদুস সালাম সিকদার।
এসময় বক্তারা বলেন, সী-ঊইড বা সামুদ্রিক শৈবাল। বাংলাদেশে এর খাবারের চাহিদা না থাকলেও বিশ্বজুড়ে রয়েছে এর ব্যাপক জনপ্রিয়তা। বিশ্বের সবেচেয় বেস্ট সী-ঊইড বাংলাদেশে জন্মায়। বর্তমানে কক্সবাজারে ব্যাপক হারে এর উৎপাদন হচ্ছে। পরীক্ষা করে দেখা যায়, কক্সবাজারের চেয়ে কুয়াকাটায় সী-ঊইড আরো ভালো জন্মাবে। প্রাথমিকভাবে ১০ জন আগ্রহী কৃষককে প্রশিক্ষণ শেষে তাদের মাঝে বীজ প্রদান করা হয়েছে। আশা করা হয়, তারা ভালো ফল করতে পারবে। পরবর্তীতে কুয়াকাটা সৈকত এলাকায় এর বাণিজ্যিক চাষ শুরু করা হবে বলেও জানান উদ্যোক্তারা।