
ঢাকা: সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান জাতীয় জরুরি সেবার নম্বর ‘৯৯৯’-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন। ডা. মুরাদের বাসায় গেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে জরুরি সেবার নম্বরে ফোন করেন ডা. জাহানারা। তিনি অভিযোগ করেন যে, তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ‘৯৯৯’ থেকে বিষয়টি ধানমন্ডি থানাকে জানানো হয়।
বৃস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ‘৯৯৯ থেকে ফোন পাওয়ার পর সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন ডা. জাহানারা। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আরএম ফয়জুর রহমান জানান, মুরাদ হাসানের স্ত্রী ৯৯৯-এ ফোন করে একটি অভিযোগের কথা জানান। এরপর তার বাসায় থানা পুলিশ যায়। এ বিষয়ে লিখিত অভিযোগ করার জন্য মুরাদের স্ত্রী থানায় এসেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ মুরাদ হাসানের বাসায় অবস্থান করছিল।