
তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : সপ্তম ধাপে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় একক প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
গত ৬ জানুয়ারী আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ জানুয়ারী আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈশ্বরগঞ্জ উপজেলার দলীয় মনোনীত একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এতে উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন নিয়ে সকল জল্পনার অবসান হয়েছে।
দলীয় বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১টি ইউনিয়নে নৌকার একক মনোনিত প্রার্থীরা হলেন- ঈশ্বরগঞ্জ ইউনিয়নে মো: আবু হানিফা, সোহাগী ইউনিয়নে মোঃ হাবিবুর রহমান, সরিষা ইউনিয়নে মোঃ শাহজাহান ভূঞা , আঠারবাড়ী ইউনিয়নে জুবের আল কবীর রূপক, জাটিয়া ইউনিয়নে মোঃ মাহবুবুল হক, মাইজবাগ ইউনিয়নে মোঃ ফরিদ মিয়া, মগটুলা ইউনিয়নে মোশাররফ হোসেন আকন্দ, রাজিবপুর ইউনিয়নে মোঃ দেলোয়ার হোসেন, উচাখিলা ইউনিয়নে মোঃ শফিকুল ইসলাম, তারুন্দিয়া ইউনিয়নে হাসান মাহমুদ, বড়হিত ইউনিয়নে মোঃ শাহ জালাল।
এদিকে বিভিন্ন পর্যায়ে দৌড়ঝাঁপের পরও মনোনয়ন না পেয়ে অনেকে হতাশা প্রকাশ করেছেন। তারা বলেছেন, ত্যাগের কোনো মূল্যায়ন নেই। আবার কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১২ জানুয়ারী জানা যাবে নির্বাচনী মাঠে নৌকার প্রতিপক্ষ কারা আসছেন।
উল্লেখ, গত ইউপি নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৭টিতে জয় পেয়েছেন নৌকা মনোনীত প্রার্থীরা।