
নালিতাবাড়ী (শেরপুর) : সরকারীভাবে তৈরি দুই সেড ঘরের মাঝ বরাবর পাকা রাস্তা বা ক্রেতাদের সুবিধার্ধে তৈরি গলি দখল করে দোকানঘর নির্মাণ করছেন কারমরুল ইসলাম নামে এক ব্যবাসায়ী। সংশ্লিষ্টদের কাছ থেকে অনুমোতি নিয়েই তিনি এ ঘর নির্মাণ করছেন বলে জানিয়েছেন।
যদিও সরকারের কোন দায়িত্বশীল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই জানে না। বর্তমানে বিষয়টি নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। এমন ঘটনা ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারে।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গেলে দেখা যায়, সীমান্তবর্তী ঐতিহ্যের গ্রামীণ হাট বারমারী বাজার। প্রতি সপ্তাহের রোববার এবং বুধবার যেখানে নিয়মিত বড় হাট বসে। আশপাশের গ্রাম ছাড়াও পাশের উপজেলা থেকেও হাটুরেরা আসেন এখানে সাপ্তাহিক বাজার করতে। এছাড়াও নিয়মিত এখানে কিছু দোকানপাটও বসে। এ হাটকে ঘিরেই তৈরি হয়েছে গ্রামীণ ছোট শহরের মতো বারমারী বাজার। রকমারী অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, স্কুল, পাশেই বিজিবি ক্যাম্প, বালু মহাল, এমনকি দূরপাল্লার বাস স্টেশন- সবমিলে একটি উল্লেখযোগ্য বাজার এখন বারমারী। ফলে জমির মূল্যও এখানে শহরের সমপরিমাণ।
সম্প্রতি এ বাজারের একজন ভাড়ায় থাকা মুদী-মনোহরী ব্যবসায়ী কামরুল ইসলাম মাছ এবং কাঁচা বাজারে সরকারীভাবে তৈরি করা সেড ঘরের মাঝামাঝি জমি দখল করে দোকানঘর নির্মাণের কাজ শুরু করেছেন। ক্রেতাদের সুবিধার্থে সরকারীভাবে তৈরি গলিপথ বা পাকা রাস্তা ভেঙে সেখানে রড-সিমেন্টের খুঁটি বসিয়ে নির্মাণ করছেন টিনসেড দোকানঘর।
এদিকে কামরুলের দোকানঘর নির্মাণ দেখে শনিবার রাতে একই গলির অপর অংশ আরও এক ব্যক্তি বাঁশ বেঁধে দখলে নিয়েছে বলে অভিযোগ ওঠেছে।
স্থানীয়রা জানান, এখনই দখল প্রক্রিয়া বন্ধ করা না হলে বারমারী বাজারের সরকারী জায়গাসমূহ পর্যায়ক্রমে দখল হয়ে যাবে।
বারমারী বাজারের বাসিন্দা আব্দুর রাজ্জাক জানান, এটি হচ্ছে বাজারের গলি। এটি বিক্রির কোন অধিকার কারও নেই। এর ফলে বাজারের ক্ষতি হচ্ছে।
স্থানীয় আব্দুল মজিদ ও আবু তালেব জানান, এই সেডঘর মতিয়া চৌধুরী করে দিয়েছেন। এখন এই শেডঘরের গলি দখল করে ঘর উঠছে, এটি অবৈধ।
অপর বাসিন্দা ইসরাফিল জানান, আমি এ ঘর উঠাতে নিষেধ করেছিলাম। কিন্তু না মেনে পাকা ভেঙে ঘর উঠাতে শুরু করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ঘর নির্মাতা কামরুল ইসলাম জানান, বাজার কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের অনুমোতি নিয়ে তিনি দোকানঘর নির্মাণ করছেন। বাজারের ইজারাদার বিল্লাল হোসেন জানান, অভিযোগ আসার পর দোকানঘর নির্মাণ বন্ধ করে দিয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন জানান, সরকারী জায়গা দখল করে থাকলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।