
হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমিরখাঁকুড়া গ্রামে খড়ের পালার পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
১১ জানুয়ারি (মঙ্গলবার) সকালে নিহতের বাড়ির পাশে খড়ের পালার পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম জাহাঙ্গির আলম বাবুল (৪০)। সে ওই গ্রামের মৃত আব্দুল করিম মাস্টারের ছেলে।
নিহতের বোন জামাই আব্দুল জব্বার বলেন, বাবুলের স্ত্রী-সন্তান কয়েকদিন আগে বাবার বাড়ি বেড়াতে যায়। তার মা ময়মনসিংহে মেয়ের বাড়িতে ছিল। ফলে বাড়িতে একাই ছিল বাবুল। সকালে স্থানীয়দের কাছে ফোনে খবর পেয়ে আমি এসে দেখি তার ঘরের ভেতর টিভি চলছিল। ফলে আমাদের মনে হচ্ছে, ঘর থেকে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
স্থানীয় রফিকুল ইসলাম, ইফসুফ আলী ও নজরুল ইসলামসহ অনেকেই বলেন, বাবুল মাঝে-মধ্যে জুয়া খেলতো বলে শুনেছি। তার অনেক জমি মানুষের কাছে বন্ধক দেওয়া।
নিহতের স্ত্রী মনোরা আক্তার ময়না বলেন, আমি কয়েকদিন হয় বেড়াতে গিয়েছিলাম। আমার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি পনের কিলোমিটার দূরে। স্বামীর খাবারের কষ্ট হবে দেখে আমার ছেলেকে দিয়ে প্রতিদিন স্বামীর জন্য খাবার পাঠাতাম। ঘরে দুই লাখ দশ হাজার টাকা ছিল। যা দিয়ে আমাদের বন্ধকি জমি ছাড়ানোর কথা ছিল। কিন্তু আমার সব শেষ হয়ে গেলো। আমার স্বামীকে হত্যা করে সে টাকাও নিয়ে গেছে।
বাবুল জুয়া খেলতো কিনা জানতে চাইলে তার স্ত্রী বলেন, সে জুয়া খেলতো। আমিও মাঝে-মধ্যে জুয়ার আসর থেকে তাকে বাড়িতে নিয়ে এসেছি। এ হত্যাকান্ডের সাথে জুয়ারী অথবা যারা জমি বন্ধক নিয়েছে তাদের কেউ জড়িত থাকতে পারে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ সুরুজ মিয়া বলেন, এ হত্যাকান্ডের সাথে মাদকসেবী ও জুয়ারীরা জড়িত থাকতে পারে। লাশের অবস্থা দেখে মনে হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান বলেন, লাশ দেখে মনে হচ্ছে, এটি একটি হত্যাকান্ড। নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তদন্ত করে দেখছি।