
কিশোরগঞ্জ : ভৈরবে জমি সংক্রান্ত জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় প্রতিপক্ষ ৫টি ভাঙ্গারীর দোকানে আগুন লাগিয়ে দিলে দোকানগুলি পুড়ে ছাঁই হয়ে যায়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আজ বুধবার বিকেল ৫ টার দিকে শহরের ভৈরবপুর মনামারা সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে ।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানা যায় , জমি সংক্রান্ত জের ধরে ভৈরবপুর উত্তরপাড়া এলাকার ছাবের আলী হাজির বাড়ি কতিপয় ছেলেরা ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার কসাই হাটি বাড়ির লোকজনের সাথে ঝগড়ায় মেতে উঠে। পরে ঘটনাটি ভৈরবপুর এলাকার উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মধ্য সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষের সময় উভয়পক্ষ লাঠিসোটা, দেশীয় অস্ত্র ও রেললাইনের পাথর ব্যবহার করে। এসময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা (পিপিএম) জানান, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পাড়ার মধ্য এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এসময় কয়েকটি দোকানঘরে আগুন লাগালে ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।