স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া বাজারে মসজিদের জায়গা ও সরকারি জমি দখল করে দোকান ঘর নির্মাণ করেছে ওই এলাকার বাবুল মিয়া নামে এক ব্যক্তি।
গত ১১ জানুয়ারী (মঙ্গলবার) সরেজমিনে গিয়ে জানা যায়, কুরুয়া বাজারে মুসুল্লিদের জন্য আনুমানিক ২০-২৫ বছর পূর্বে ৫ শতাংশ জায়গাতে একটি মসজিদ ঘর নির্মাণ করা হয়। যা ওই এলাকার ব্যক্তিগণ সাবকওলা রেজিস্ট্রি করে দেন। পরে ৩ শতাংশ জমিতে মসজিদ ঘর নির্মাণ করা হয়। বাকী ২ শতাংশ জমি কুরুয়া বাজারের রাস্তার পাশে মসজিদের জন্য প্রয়োজনীয় অন্যান্য কাজে উম্মুক্ত রাখা হয়।
এ সুযোগে বাবুল মিয়া জোরপূর্বক ঘর নির্মাণ করে অন্য লোকদের কাছে ভাড়া দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। মসজিদের জায়গা বেদখল হওয়ায় মসজিদের মুসুল্লীদের যাতায়াত সমস্যাসহ ওযু খানার পানি বের হওয়ার জন্য ড্রেনের কাজ না করতে পারায় মারাত্মক অসুবিধার সৃষ্টি হয়েছে।
গত রমজান মাসে এ বিষয়ে বাবুল মিয়ার সাথে মুসুল্লীদের কথা কাটাকাটি হলে একপর্যায়ে বাবুল মিয়া মসজিদের দরজায় তালা লাগিয়ে দেয়। পরে শ্রীবরদী থানার ওসির হস্তক্ষেপে ওই তালা খোলা হয়।
এছাড়াও কুরুয়া বাজারের মেইন রাস্তার পাশে ও ইলেকট্রিক ট্রাান্সফরমার নিচে বাবুল মিয়া একটি টিকিট কাউন্টার খুলে জায়গা দখল করায় যানযট লেগেই রয়েছে।
ওই এলাকারর অটোরিকশা, সিএনজি ড্রাইভার ও মালিকরা জানান, বাবুল মিয়াকে অটো ও সিএনজি প্রতি ২০ টাকা করে চাঁদা দিতে হয়। না দিলে কুরুয়া বাজারে কোন অটো বা সিএনজি রাখতে দেওয়া হয় না।
এছাড়াও মসজিদ সংলগ্ন বাজার উন্নয়নের একটি মার্কেট নির্মাণের কাজ চলমান রয়েছে। ওই কাজের বালি খোয়াসহ প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য জায়গাটিও বন্ধ করে রেখেছে বাবুল মিয়া। ফলে ঠিকাদার বাজারের উন্নয়ন কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার মুসুল্লীসহ ভুক্তভোগী লোকজন।
এ ব্যাপারে বাবুল মিয়া বলেন, এসব জায়গা আমার নয়। তবে প্রশাসনের লোকজন আমাকে সরে যেতে বলে নাই। তাই আমি অফিস বানিয়ে দোকান ও টিকিট কাউন্টার দিয়েছি। সরকারিভাবে আমাকে বললে আমি চলে যাব।