
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় নঈমী দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে আদালতের তথ্য গোপন ও কাউকে না জানিয়ে গোপনে পকেট কমিটি গঠনের অভিযোগ তোলেছেন অভিভাবক ও এলাকাবাসী। ফলে ওই কমিটি বাতিলের দাবী তোলেছেন তারা।
অভিযোগের প্রেক্ষিতে খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালে ভোটার তালিকা হালনাগাদ করে ৯ মার্চ প্রকাশ্যে প্রচারণা চালিয়ে গোপন ব্যালটের মাধ্যমে কমিটির সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গোপন ব্যালটে ১৫ মার্চ সভাপতি নির্বাচিত হন তৎকালীণ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম। কিন্তু সভাপতি পদে নির্বাচনে পরাজিত প্রার্থী হাসমত আলী’র (বর্তমানে মৃত) মেয়ের জামাতা গোলাপ হোসেন ভোটার তালিকায় ত্রুটি দেখিয়ে শিক্ষাবোর্ডে অভিযোগ দাখিল করেন। ফলে ব্যালটে নির্বাচিত ওই কমিটি স্থগিত হয়ে যায়। পরবর্তী সময়ে মাদরাসা সুপার আব্দুস সামাদ গোলাপ হোসেনকে সভাপতি করে বোর্ডের নির্দেশনা অনুযায়ী এডহক কমিটি গঠন করেন।
এদিকে নবগঠিত এডহক কমিটির বিরুদ্ধে সাবেক সভাপতি ও সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বাদী হয়ে হাইকোর্টে একটি রীট পিটিশন দাখিল করেন। রীটের পর নবগঠিত এডহক কমিটি স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। এরপর এডহক কমিটির সভাপতি গোলাপ হোসেন ওই স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপীল করলে সুপ্রীম কোর্ট ২০২০ সালের ২২ নভেম্বর শুনানীর তারিখ পর্যন্ত হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিতের নির্দেশ দেন। ফলে গোলাপ হোসেনকে সভাপতি করে গঠিত কমিটি বহাল থেকে যায়।
এদিকে সুপ্রীম কোর্টের এ আদেশের প্রেক্ষিতে আবুল কাশেম সুপ্রীম কোর্টে আবেদন জানালে সুপ্রীম কোর্ট উল্লেখিত তারিখের আগেই ওই বছরের ১ এপ্রিল আগাম শুনানী করেন। আগাম ওই শুনানী শেষে সুপ্রীম কোর্ট হাইকোর্টের আদেশ বহাল রাখেন। ফলে মাদরাসার এডহক কমিটি স্থগিতাদেশের আদেশ পুনরায় বহাল থাকে।
এভাবে পাল্টাপাল্টি রীট ও আপীলের একপর্যায়ে পুনরায় গোলাপ হোসেনকে সভাপতি করে গেল বছরের ১০ অক্টোবর এডহক কমিটি গঠন করা হয়। এমতাবস্থায় পুনরায় এ কমিটির বিরুদ্ধে হাইকোর্টে রীট পিটিশন দাখিল করেন ২০২০ সালে নির্বাচিত কমিটির অভিভাবক সদস্য হাদিউল ইসলাম। ফলে হাইকোর্ট গেল বছরের ২২ নভেম্বর থেকে পরবর্তী দুই মাসের জন্য (চলতি বছরের ২২ জানুয়ারি) নবগঠিত এ এডহক কমিটির কার্যক্রম স্থগিত করেন।
কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে গেল বছরের নভেম্বরে গোপনে অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি চূড়ান্ত করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দেখানো হয়। এরপর ২৫ নভেম্বর গোপনে মনোনীত ওই সদস্যদের নালিতাবাড়ী শহরে এনে উপজেলা রিসোর্স সেন্টারে বসিয়ে গোপনে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি ও সভাপতি নির্বাচিত করা হয় গোলাপ হোসেনকে। পরে পূর্ণাঙ্গ এ ম্যানেজিং কমিটির অনুমোদনের জন্য বোর্ডে প্রেরণ করা হলে বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। এমতাবস্থায় বিষয়টি নিয়ে আপত্তি তোলে তা বাতিলের দাবী জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।
২০২০ সালে ব্যালটে নির্বাচিত অভিভাবক সদস্য ও বর্তমান অভিভাবক হাদিউল ইসলাম, মুসলিম উদ্দিন, অছিমদ্দিন ওরফে লাল চানসহ অনেকেই জানান, বর্তমানে পূর্ণাঙ্গ যে কমিটি গঠন করা হয়েছে এর কিছুই আমরা জানি না।
তারা বলেন, নিয়ম অনুযায়ী কমিটি গঠনের আগে মাইকিংসহ সবধরণের প্রচারণা করার কথা থাকলেও কোনপ্রকার জানতে দেওয়া হয়নি। ২০২০ সালে যেখানে অনেক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে নির্বাচন হয়েছে, সেখানে এবার কেউ জানলো না, কেউ কোন প্রতিদ্বন্দ্বি হলেন না। কাজেই বুঝাই যাচ্ছে সুপার আব্দুস সামাদ তার পছন্দমতো ব্যক্তিদের দিয়ে গোপনে কমিটি গঠন করেছেন।
এ বিষয়ে মাদরাসা সুপার আব্দুস সামাদ জানান, বারবার মামলা আর অভিযোগের বেড়াজালে কমিটি গঠনের কাজ আটকে যাওয়ায় দুই বছর যাবত মাদরাসার কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছিল। এমতাবস্থায় নতুন কমিটি গঠনে সবাইকে জানানো হয়েছে ঠিকই, তবে যে কয়েকজন বারবার ঝামেলা পাকিয়েছেন তাদের জানানো হয়নি। তাদের জানাতে গেলে এবারও কমিটি আটকে যেতো।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা আশরাফুল আলম জানান, ইউএনও স্যারের নির্দেশমতে আমি নির্বাচিত সদস্যদের নিয়ে সভাপতি নির্বাচিত করে দিয়েছি। সদস্য নির্বাচনের ক্ষেত্রে কোন প্রতিদ্বন্দ্বি ছিলেন না। তবে প্রচারণার বিষয়টি মাদরাসা সুপারের দায়িত্বে বিধায় তা তিনি ঠিকমতো করেছেন কি না তিনিই ভালো বলতে পারবেন।