
শেরপুর : শেরপুরের কামারিয়া ইউনিয়নের একটি বোরো ক্ষেত থেকে নুরেজা বেগম (৪০) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে জেলার নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর ফায়ার সার্ভিস স্টেশন এলাকার খাল থেকে মকবুল হোসেন (৭৫) নামে আরেক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) সকালে পৃথক স্থান থেকে পৃথকভাবে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার সকাল ৭টার দিকে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের কৃষক ফরমান আলী ইরি-বোরো চারা রোপন করতে গিয়ে একটি রক্তমাখা বস্তা ক্ষেতের পাশে পরে থাকতে দেখেন। এসময় সদর থানায় খবর দিলে পুলিশ বস্তা থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করে। দুপুরে ময়না তদন্তের সময় আঙুলের ছাপ থেকে তার পরিচয় নিশ্চিত হয়। তিনি নকলা উপজেলার ফেরুষা এলাকার আজাহার আলীর স্ত্রী এবং একই উপজেলার ইশিবপুর এলাকার নূর ইসলামের কন্যা।
ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোন এক সময় ওই নারীকে অন্য কোথাও হত্যা করে মরদেহটি বস্তায় ভরে ফেলে যায় দূর্বৃত্তরা। তাকে মাথায় কুপিয়ে এবং ঘাড় মটকিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সকালে নালিতাবাড়ী শহরের কালিনগর ফায়ার সার্ভিস স্টেশনের কাছে থাকা দুদুয়াল খালের পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় অর্ধগলিত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনেরা এসে সনাক্ত করে। মকবুল হোসেন নামে ওই বৃদ্ধের বাড়ি উপজেলার উত্তর কোন্নগর গ্রামে। গত ৮ জানুয়ারি রোববার বাড়ি থেকে বেড়িয়ে তিনি আগের বাড়ি যোগাযোনিয়া এলাকায় যান। সেখান থেকে ৯ জানুয়ারি সোমবার বেড়িয়ে নিখোঁজ হন। তিনি এর আগে দুইবার স্ট্রোক করেন এবং মানসিকভাবে অস্বাভাবিক ছিলেন বলে জানায় পরিবারের লোকজন।