
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ঠে হয়ে নুরুজ্জামান (৫০) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার খোশালপুর এলাকার মনিরা অটো ব্রিকসে এ ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান পার্শ্ববর্তী বকসিগঞ্জের গোয়ালগাও পশ্চিমপাড়া এলাকার মৃত আমজাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর নুরুজ্জামান কাজ শেষ করে ইটভাটায় টিউবওয়েলে গোসল করতে যায়। কিন্তু আগে থেকেই বিদ্যুতের ছেঁড়া তার পড়ে টিউবওয়েলপার বিদ্যুতায়িত ছিল। কিন্তু নুরুজ্জামান তা না জেনে গোসলের জন্য বালতিতে থাকা পানিতে মগ দিলে সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়। এসময় ইটভাটার অন্য শ্রমিক ও আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বকসিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।