রফিকুল ইসলাম, যশোর : শার্শায় ডিবি পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) আনুমানিক রাত ২টার সময় যশোরের এসআই শফি আহমেদ রিয়েল ও আরিফুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি দল যশোরের বেনাপোল পোর্ট ও শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে পোর্ট থানাধীন দক্ষিণ বারোপোতা পাপড়াতলা চার রাস্তা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী আলম হোসেন (৩০)কে ২৫০ বোতল ফেনসিডিলসহ আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ী পুটখালী গ্রামের আঃ রাজ্জাকের ছেলে।
অপর এক অভিযানে শার্শার কাশীপুর বাজার থেকে ৫১ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেন। আটককৃতরা হলেন- আব্দুল অহেদ (৫২) ও স্বপন হোসেন (৩৩)। উভয়ের বাড়ি শার্শার কাশীপুরেরর গোপীনাথপুর গ্রামে।
উদ্ধারকৃত মাদক দ্রব্যের মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।