
স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের শ্রীবরদীতে ৬ মাস বয়সী শিশু ভাগ্নেকে বিষ খাওয়াইয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী খালা রিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত সোমবার (২৪ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আখতারুজ্জামান আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ এপ্রিল শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডি গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিয়া অভিনব কায়দায় তার মামাতো বোনের ছয় মাস বয়সী শিশু সারোরকে কোলে করে পুকুর পাড়ে গিয়ে মুখে বিষ ঢেলে দেয়। পরে শিশু সরোয়ার অতিরিক্ত কান্নাকাটি করলে মায়ের কোলে তুলে দেয় রিয়া। পরে শিশু রিয়ার মা সুমি বেগম সন্তানের মুখে বিষের গন্ধ পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকেরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে রিয়া ও তার সহযোগীরা মাজেদা বেগম, মাহমুদুল হাসান সবুজ, আলী আকবর, রিক্তা আক্তার, সুমি বেগমের ঘরে ঢুকে খাটের সাইড বক্স খুলে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যায়।
এদিকে শিশুটির অবস্থার অবনতি হলে শেরপুর সদর হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে এ ঘটনায় ২০১৮ সালের ৭ মে সুমি বেগম বাদী হয়ে রিয়াসহ ৫ জনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন।
রায়ে বিষ খাইয়ে হত্যা চেষ্টার দায়ে ৩ বছর এবং স্বর্ণালংকার চুরির দায়ে ৮ লাখ ৬২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, দোষী প্রমাণিত হওয়ায় রিয়াকে কারাদ- দেওয়া হয়েছে। সহযোগী অন্য আসামীদের মামলাটি জজ কোর্টে বিচারাধীন রয়েছে।