
মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার ঝিনাইগাতীতে ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়েছে ‘সহায়ক সংঘ ঝিনাইগাতী’ নামে এক ভুয়া এনজিও। উপজেলার বিভিন্ন গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা করে গ্রাহকের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সংস্থাটি।
জানা গেছে, স্থানীয় মানুষের বিশ্বাসের জন্য ঝিনাইগাতী বাজারের কাঠ হাটিতে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিমের বাসায় অফিস খুলে সংস্থাটি। গত ২০ জানুয়ারী ২০২২ ইং তারিখ বৃহস্পতিবার গ্রাহকরা ঋণ নিতে হালিমের বাড়িতে এসে এনজিও’র অফিসটি তালাবদ্ধ দেখেন। এ সময় ভুক্তভোগী গ্রাহকরা সেখানে অবস্থান নেন।
প্রতারণার শিকার গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন মাস যাবত ‘সহায়ক সংঘ ঝিনাইগাতী’ নামের একটি এনজিও’র কয়েকজন মাঠকর্মী ঋণ দেওয়ার নামে উপজেলার বিভিন্ন গ্রামে প্রচারণা শুরু করে। এনজিওটি’র মালিক ও পরিচালক আল হারুন এবং সহকারী পরিচালক আব্দুল মালেক (হোমিও ডাক্তার) আগ্রহী গ্রাহকদের কাছ থেকে অগ্রিম সঞ্চয় বাবদ ১০ হাজার ও ফরম বাবদ ভর্তি ফি দুইশত টাকা করে উত্তোলন করে। এভাবে ৫শ গ্রাহকের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা সংগ্রহ করে সংস্থাটি। পরে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঋণ দেওয়ার দিন ধার্য করে তারা। ওই দিন দুপুরে বিভিন্ন গ্রাম থেকে আসা ঋণগ্রহীতারা এনজিও’র দেওয়া ঠিকানা অনুযায়ী ব্যবসায়ী হালিমের বাসায় গিয়ে দেখতে পান অফিস তালাবদ্ধ। পরে গ্রাহকরা ভুয়া ওই সংগঠনের পরিচালক আল হারুন ও সহকারী পরিচালক আব্দুল মালেক (হোমিও ডাক্তার) এর বাড়ি উপজেলার উত্তর দাড়িয়ারপাড় ও ফুলহারী গ্রামে যান। সেখানে গিয়ে তাদেরকে বাড়ি পাওয়া যায়নি। বাড়ি থেকে জানানো হয়, তারা ঢাকায় পালিয়েছে। ভুক্তভোগী গ্রাহকরা এখন প্রতিকার চেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।
সূত্র জানায়, উপজেলার দাড়িয়ারপাড় গ্রামের নুরুল ইসলামের ছেলে আল হারুন নিজেকে উপজেলার কবি সংঘের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতিসহ বিভিন্ন পদ-পদবি’র পরিচয় দিয়ে ইতিপূর্বেও এমন ঘটনা ঘটিয়েছে। তার রয়েছে বিভিন্ন স্তরের লোকের সাথে সম্পর্ক।