
শেরপুর : শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কুসুমহাটি ও শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীবরদীর ভায়াডাঙ্গা বাজার থেকে বাড়িতে যাবার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই সুলতান মিয়া নামে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। তার বাড়ি শ্রীবরদী উপজেলার শিমুলচুড়া গ্রামে।
অন্যদিকে সদর উপজেলার কুসুমহাটিতে চলন্ত ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।