
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে রোমানা আক্তার (২০) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বালুঘাটা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রোমানা ওই গ্রামের নুরুল আমিনের স্ত্রী ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আইয়ুব আলী ও মরিয়ম বেগম দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বুধবার রাতে খেয়ে-দেয়ে স্বাম-স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার ভোররাতে ঘুম থেকে জেগে উঠলে বসতঘরের আড়ার সাথে রোমানাকে ফাঁসিতে ঝুলতে দেখে স্বামী নুরুল আমিন। পরে স্বজন ও প্রতিবেশীদের খবর দিয়ে ফাঁসি থেকে নামানোর পর রোমানার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পারিবারিক সূত্র জানায়, রোমানা আক্তার ঢাকায় বাসা-বাড়িতে ঝিয়ের কাজ করত। নুরুল আমিন পার্শ্ববর্তী হোটেলে চাকুরী করা অবস্থায় আড়াই বছর আগে তাদের মাঝে প্রেমের সম্পর্ক এবং বিয়ে হয়। এর কিছুদিন পর তারা নুরুল আমিনের বালুঘাটা গ্রামের বাড়ি চলে আসে। এ দম্পতির সংসারে ৬ মাস বয়সী পুত্র সন্তান রয়েছে।
নালিতাবাড়ীর থানার ওসি বছির আহমেদ বাদল জানান, গৃহবধূর শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।