
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে সেচপাম্প স্থাপন নিয়ে দ্বন্দ্বের চাপে নিজ হাতে বাঁশ-রশি দিয়ে তৈরি ফাঁসির মঞ্চে ঝুলে শফিউদ্দিন নামে এক কৃষকের আত্মহননের ঘটনায় প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
গত (৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে কৃষক শফিউদ্দিনের ছেলে আনোয়ার হোসেন প্রতিপক্ষ আহাম্মদ আলী এবং চাপ সৃষ্টিকারী স্থানীয় নবনির্বাচিত ইউপি সদস্য মজিবর রহমানকে অভিযুক্ত করে এ মামলা দায়ের করেন।
কৃষকের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, প্রায় পাঁচ বছর ধরে বাদলাকুড়া গ্রামের প্রান্তিক চাষী আব্দুল মজিদ আশপাশের সামান্য জমিতে সেচ দিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু ছোট ও অগভীর নলকূপ হওয়ায় আরও কিছু জমি সেচের আওতায় আনতে পাশের গ্রাম মানিক চাঁদপাড়ায় বসবাসকারী ছোট ভাই শফিউদ্দিনের সাথে শেয়ারে মাসখানেক আগে আরও একটি অগভীর সেচপাম্প স্থাপন করেন। একইসঙ্গে অগভীর ওই সেচপাম্প অনুমোদনের জন্য বিএডিসি কর্র্তৃপক্ষের কাছে আবেদনও করেন।
সম্প্রতি পার্শ্ববর্তী মানিক চাঁদপাড়া গ্রামের আহাম্মদ আলী (৩৮) পাশের বোয়ালমারি মাঠে সেচপাম্প বসাতে অনুমোদন নেন। পরে বাদলাকুড়া মাঠে শফিউদ্দিন ও আব্দুল মজিদের অগভীর নলকূপ দুটির পাশে সেচপাম্প বসাতে বোরিংয়ের উদ্যোগ নেয়। এরপর আহাম্মদ আলী এবং স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান আব্দুল মজিদ ও শফিউদ্দিনের দুটি নলকূপ সরিয়ে নিতে চাপ প্রয়োগ করে। একপর্যায়ে এ নিয়ে গ্রাম্য শালিস বসে এবং ক্ষতিপূরণ হিসেবে শফিউদ্দিনের ব্যয়িত ৭০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা দিয়ে তার বোরিং সরিয়ে ফেলতে সিদ্ধান্ত দেওয়া হয়। বাধ্য হয়ে শফিউদ্দিন ওই সিদ্ধান্ত মেনেও নেন।
কিন্তু মঙ্গলবার সকালে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া ওই ২০ হাজার টাকা ফেরত এবং বোরিং সরিয়ে নিতে শফিউদ্দিনকে চাপ প্রয়োগ করা হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়ে আর বাড়ি ফিরেনি শফিউদ্দিন। বুধবার ভোরে বাড়ির অদূরে বাদলাকুড়া মাঠে বাঁশ-রশি দিয়ে বিশেষভাবে তৈরি ফাঁসির মঞ্চে শফিউদ্দনের মরদেহ ঝুলে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে নয়াবিল ইউপি সদস্য মজিবর রহমান জানান, এ ঘটনার জন্য তিনি দায়ী নন।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহাম্মেদ বাদল জানান, এ ঘটনায় দুই জনকে বিবাদী করে ৩০৬ ধারায় একটি মামলা রুজু হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।