
নালিতাবাড়ী (শেরপুর) : প্রায় লক্ষাধিক টাকা মূল্যের দুইটি লাল-কালচে রঙের গরুর মালিক খোঁজছে শেরপুর জেলার নালিতাবাড়ী থানা পুলিশ। গত ১৫ জানুয়ারি চোরাই গরু উদ্ধার অভিযানে উদ্ধারকৃত এ গরু দুটির উপযুক্ত প্রমাণ দিয়ে প্রকৃত মালিকের সন্ধান চেয়েছে পুলিশ।
সূত্র জানায়, সম্প্রতি নালিতাবাড়ীর বিভিন্ন এলাকা থেকে বেশকিছু গরু চুরি হয়। বিশেষ করে, সবশেষ গত ২৬ ডিসেম্বর ভোররাতে উপজেলার গাগলাজানি গ্রামের তিন গোয়াল থেকে মোট ১০টি দেশি-বিদেশি জাতের গরু চুরি হয়। ফলে পুলিশ দেশের বিভিন্ন এলাকায় চোরাই গরু উদ্ধার ও চোর ধরতে মরিয়া হয়ে কাজ করে। একপর্যায়ে গত ১৫ জানুয়ারি টাঙ্গাইল এলাকা থেকে চোরাই গরু উদ্ধার ও আন্তঃজেলা গরু চোর চক্রের ৮ চোরকে আটক করে। পরে চুরি যাওয়া গরু মালিকদের আহবান করা হলে উদ্ধারকৃত ২টি চোরাই গরুর কোন মালিক আজও পাওয়া যায়নি। এমতাবস্থায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ঈমান আলী আদালতের নির্দেশনা অনুযায়ী তা থানা হেফাজতে রেখে লালন-পালন করছেন।
এসআই ঈমান আলী জানান, লাল-কালচে রঙের একটি চার দাঁতাল ষাঁড় এবং লাল-কালচে একটি আদাঁতাল ষাঁড় যার মোট আনুমানিক মূল্য প্রায় এক লাখ ১০ হাজার টাকা। বর্তমানে মালিক খোঁজে না পাওয়ায় থানা হেফাজতে রয়েছে। প্রকৃত মালিককে উপযুক্ত প্রমাণ দিয়ে তা নিতে অনুরোধ করা হয়েছে।