
নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন, সদর উপজেলার উত্তর ওয়াপদা গ্রামের মো. জামাল মজুমদারের ছেলে মো. শাকিল (২০), নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকার মো. রিয়াজ (২৮) ও কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা কামরুল (৩০)।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে আবির চেয়ারম্যানের বাড়ির সামনে মাটিতে পাইপ পাইলিংয়ের কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে আবির চেয়ারম্যানের বাড়ির সামনে ব্যক্তি মালিকানাধীন একটি ভবনের প্রথম ধাপের কাজ শুরু হয়। প্রতিদিনের মতো আজ সকাল ৯টার দিকে পাঁচ জন শ্রমিক ঠিকাদারের অধীনে সেখানে পাইলিংয়ের কাজ শুরু করেন। দুপুরের দিকে দুই জন পাশের দোকানে খেতে যান। অপর তিন শ্রমিক শাকিল, রিয়াজ ও কামরুল দোকানে না গিয়ে পাইলিংয়ের কাজ করতে থাকেন। কাজ করার একপর্যায়ে তারা মাটি থেকে পাইলিংয়ের পাইপ টেনে তুলতে গেলে উপরে থাকা বিদ্যুৎতের তারে স্পৃষ্ট হয়ে তিন শ্রমিক আহত হন। খাওয়া শেষ করে দুই শ্রমিক এসে তাদের দেখতে পেয়ে উদ্ধার করে চৌমুহনী বাজারের প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, বিকেল ৩টার দিকে প্রাইভেট হাসপাতাল থেকে তিন জনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্লে নিয়ে আসা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, মরদেহগুলো বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।