
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পরিষদের পুকুরপাড়ে এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র তত্বাবধানে ও সভাপতিত্বে সোলার স্ট্রিট লাইট স্থাপন উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চৌধুরী। কারিগরি তত্বাবধানে ছিলেন উপজেলা প্রকৌশলী শুভ বসাক ও ইউডিএফ(ইউজিডিপি) ঝিনাইগাতীর ব্যবস্থাপক শাহিনা আকতার।
এসময় অন্যদের মাঝে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, রুকুনুজ্জামান, জাহাঙ্গীর আলম, অন্যান্য কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থ বছরে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি জাইকা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে ৬২টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। যার প্রাক্কলিত বাজেট ছিল ২২ লাখ ৩৪ হাজার ৬ শ ৩৬ টাকা এবং চুক্তিমূল্য ছিল ২০ লাখ ১১ হাজার ১শ ৭২ টাকা।