
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার আসামী নাহিদ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব।
গত শনিবার (৯ মার্চ) দিবাগত রাতে তাকে ঢাকার উত্তরা পূর্ব থানার সী-সেল রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাহিদ জেলার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, ভুক্তভোগী কিশোরী ভায়াডাঙ্গা মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ভুক্তভোগীর বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে গেলে অভাব-অনটনের কারণে ভুক্তভোগী কিশোরীকে তার মা নানার বাড়ি রেখে পেটের দায়ে ঢাকায় চলে যান। এমতাবস্থায় নানা বাড়িতে লালিত হওয়া কিশোরীকে স্কুলে যাতায়াতের পথে নানাভাবে উত্যক্ত করতে থাকে নাহিদ। একপর্যায়ে গত বছরের ৫ মে সকালে কিশোরীকে ফুসলিয়ে ঢাকার একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে নেওয়ার পর ভুয়া কাগজে লেখালেখি করে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে প্রতিদিন শারিরিক সম্পর্ক করে। এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার উপর অমানবিক অত্যাচার শুরু করে নাহিদ। অত্যাচারে ভুক্তভোগী কিশোরী অসুস্থ হয়ে পড়লে একই বছরের ১৫ আগস্ট সকালে ঢাকা থেকে নিয়ে এসে মুখ ও হাত-পা বেধে কিশোরীর নানা বাড়ির সামনে ফেলে পালিয়ে যায় নাহিদ।
এ ঘটনায় ভুক্তভোগীর মা মিনারা বেগম বাদী হয়ে নাহিদ মিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই নাহিদ আত্মগোপনে ছিল।