
শ্রীবরদী (শেরপুর) : ভারী বর্ষণে পানি জমে ভেঙে যায় শ্রীবরদী ফায়ার স্টেশনের সামনের শ্রীবরদী-শেরপুর পাকা রাস্তাটি। দীর্ঘ দিন রাস্তায় পানি জমায় বড় গর্তের সৃষ্টি হয়। প্রায় সময়ই ঘটতে থাকে দুর্ঘটনা। অনেক জনপ্রতিনিধি দেখলেও নেই কোন সংস্কারের উদ্যোগ।
অবশেষে রবিবার (১৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তাটি চলাচলের উপযোগী করা হয়। বিকেলে সড়কটির সংস্কার কাজ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বাদল।
এসময় তিনি বলেন, শেরপুরে বন্যা পরবর্তীতে মানুষের দুভোর্গ কমাতে শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন জায়গায় রাস্তা-ঘাট, ব্রীজ সংস্কার কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় শ্রীবরদী ফায়ার স্টেশন সামনে রাস্তাটির সংস্কার কাজ করা হচ্ছে। আমাদের এ ধরনের কাজ অব্যাহত থাকবে।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী শহর শাখার অর্থ সম্পাদক আমীর হামজা মিষ্টার, শ্রীবরদী পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান কবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ফরহাদ হোসেন, ছাত্র নেতা আফজাল বিন আক্রাম, আব্বাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।