1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে খালে ডুবে গেল যাত্রীবাহী বাস, নিহত ৫

  • আপডেট টাইম :: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। পরে মুহূর্তেই খালে ডুবে গেছে বাসটি। ডুবে যাওয়া ওই বাস থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যাও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন, সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর এলাকার মোরশেদ আলম, জয়নাল আবেদিন ও নওগাঁর আফসার উদ্দিনের ছেলে হুমায়ূন রশিদ। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও দুজন। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর চৌমুহনী থেকে আনন্দ পরিবহনের বাসটি ৩০-৩৫ জন যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে বাসটি চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম শুরু হয়। প্রাথমিকভাবে ২০ জনকে জীবিত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর গাড়ির ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, যাত্রীবাহী বাসটি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার আড়াই ঘণ্টা পার হয়ে গেলেও বাসটি উদ্ধার সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে। ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, ঘটনার দুই ঘণ্টা পার হলেও ঘটনাস্থলে ডুবুরি পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া পানির তলদেশে কেউ ডুবে আছেন কি না, তাও নিশ্চিত বলতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে রয়েছেন। তাদের দাবি, ফায়ার সার্ভিস কর্মীরা দেরিতে আসায় ক্ষতি বেশি হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. ফয়েজুল আজীম নোমান বলেন, বাসের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জে দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com