
ঝিনাইগাতী, শেরপুর: শেরপুর সদর উপজেলায় এক নাবালককে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি নাজিম মিয়া (২০)কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
মঙ্গলবার র্যাব-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের সদস্যরা র্যাব-৪-এর সহযোগিতায় আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ জুন শেরপুর সদর উপজেলার পশ্চিম দড়িপাড়া এলাকায় নাজিম মিয়া আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে ১২ বছর বয়সী নুর ইসলামকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে শিশুটিকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আদালতে মামলা করলে আদালতের নির্দেশে গত ১৭ জুন শেরপুর সদর থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে নিয়মিত মামলা রুজু হয়। এরপর থেকেই প্রধান আসামি আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্তের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহৃত শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।