
বাংলার কাগজ ডেস্ক : জাতি পুনর্গঠনে সক্রিয় অংশগ্রহণের প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা সর্বদা আপনাদের সম্পৃক্ততা নিশ্চিত করার উপায় খুঁজে বের করার পরিকল্পনা করছি। আপনাদের দেখে আমরা নতুন সংকল্প নিয়ে দেশে ফেরার আত্মবিশ্বাস পাই।

তিনি আরও বলেন, দর্শক সারি থেকে কথা বলা খুব সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে আমাদের সঙ্গে যোগ দেন এবং একসঙ্গে খেলেন।
প্রধান উপদেষ্টা বলেন, আমার আত্মবিশ্বাস আরও বেড়ে যায় যখন দেখলাম যে রাজনৈতিক নেতারা এই সফরে আমাদের সঙ্গে যোগ দিতে রাজি হয়েছেন।

আশিক চৌধুরী প্রবাসীদের অব্যাহত সমর্থন কামনা করেন এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ভোটদান পদ্ধতির বিষয়ে তাদের অবহিত করেন।
এরপর “ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এনগেজমেন্ট” শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলসহ আরও তিনজন। সঞ্চালনায় ছিলেন বিশেষ দূত লুতফে সিদ্দিকী। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন অংশ নেন।
পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সঞ্চালনা করেন আরেকটি আলোচনা “শেপিং টুমরো: দ্য ফিউচার অব বাংলাদেশ”, যেখানে এনসিপি নেত্রী তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির ও জামায়াত নেতা নকিবুর রহমান অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রবাসীদের জন্য সেবা, দিকনির্দেশনা ও বিনিয়োগের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নির্মিত মোবাইল অ্যাপ “শুভেচ্ছা” উদ্বোধন করেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে রোববার এই বক্তব্যের সারাংশ প্রকাশ করা হয়।