1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি প্রাথমিক শিক্ষকদের

  • আপডেট টাইম :: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

ঢাকা : তিন দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে তারা সারা দেশের বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন।

রোববার (০৯ নভেম্বর) দুপুরে শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শত শত শিক্ষক এলাকাভিত্তিক দলবদ্ধ হয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীরা তিন দফা দাবির দ্রুত বাস্তবায়ন এবং শনিবার শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষে শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ বিনা উসকানিতে শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে। এর দায় সরকার এড়াতে পারে না।

শনিবার বিকেলে শাহবাগে শিক্ষকদের মিছিলে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। এতে শতাধিক শিক্ষক আহত হন। পুলিশ বলছে, শিক্ষকরা নিষেধাজ্ঞা অমান্য করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে বাধা দেয়া হয়।

দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৭টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী ১ কোটি ৬ লাখের বেশি এবং শিক্ষক ৩ লাখ ৮৩ হাজার ৬২৪ জন। এর মধ্যে সহকারী শিক্ষক প্রায় সাড়ে ৩ লাখ।

সহকারী শিক্ষকরা বর্তমানে জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে আছেন। তারা এই গ্রেড উন্নীত করে ১০ম গ্রেডে দেয়ার দাবি জানাচ্ছেন। পাশাপাশি তারা শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড বাস্তবায়নের দাবি তুলেছেন।

গত কয়েক মাস ধরে বেতন গ্রেড ও পদোন্নতি-সংক্রান্ত এই দাবিগুলো নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা। শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আন্দোলন আরও বেগবান হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com