1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

যুবকদের হাতে বাংলাদেশ তুলে দেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমীর

  • আপডেট টাইম :: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান যুবকদের হাতে আগামীর বাংলাদেশ তুলে দেওয়ার ঘোষণা দিয়ে যুবকদের তৈরি হওয়ার আহবান জানিয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর শহীদ দারোগ আলী মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।

এসময় জামায়াতের আমীর বলেন, বেকার ভাতা দিয়ে আমরা আমাদের যুব সমাজকে অপমান করতে চাই না। আমাদের যুব সমাজ কারও কাছে বেকার ভাতা চায় না। আমাদের যুব সমাজ তাদের যোগ্যতা অনুযায়ী মর্যাদার কাজ হাতে পেতে চায়।

তিনি বলেন, আল্লাহ আমাদের নির্বাচিত করলে যুবক-যুবতীদের হাতকে কারিগরের হাতে পরিণত করব। কাজ হাতে তুলে দিয়ে বলব, তোমরাই বাংলাদেশ। তোমাদের নিয়েই আগামীর নতুন বাংলাদেশ। তোমরাই আমাদের অহঙ্কার।

ডাঃ শফিকুর রহমান বলেন, তিনটি জায়গায় দুটি কাজ করব ইনশাআল্লাহ। জায়গা তিনটি হলো- ঘর, চলাচল ও কর্মস্থল। আর কাজ দুটি হলো- নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠা। ধর্মে-বর্ণে ও দলে আমরা ভেদাভেদ করব না। আমরা দেখব যোগ্যতা এবং দেশপ্রেমিক কিনা। এ দুটি হলে তার হাতে তার যোগ্য কাজটি চলে যাবে ইনশাআল্লাহ।

১২ ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে দলীয় নেতাকর্মীদের যথাযথ প্রশাসনকে অবহিত করার আহবান জানান ডাঃ শফিকুর রহমান। এতেও কাজ না হলে এবং প্রশাসন কাজ না করলে তা প্রতিহত করা নেতাকর্মীদের জন্য ওয়াজিব হয়ে যায় বলেও উদ্বুদ্ধ করেন তিনি।

নিহত জামায়াত নেতা রেজাউল করিম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে সরকার এবং প্রশাসনের প্রতি আহবান জানিয়ে ডাঃ শফিকুর রহমান কথায় নয়, কাজের বাস্তবায়ন দেখতে চান। একইসাথে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. সামিউল ফারুকী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক রিয়াদ হোসাইন, ডাকসুর জিএস এস এম ফরহাদ, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইসলাহী, জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মণ, জেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ শাহাদাৎ হোসেন, জেলা এনসিপি’র সভাপতি ইঞ্জিনিয়ার লিখন মিয়া, খেলাফত মজলিসের জেলা আমীর মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা আমীর মাওলানা শফিকুল ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা রমিজ উদ্দিন, এবি পার্টি জেলা শাখার সভাপতি শাহজাহান মল্লিক, জেলা শিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুমসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে জামায়াতের আমীর শেরপুর-১ আসনের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ আসনের প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, শেরপুর -৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন।

সমাবেশে জেলা সদরসহ অন্য চারটি উপজেলা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক ছাড়াও নারী সমর্থকরা অংশ নেন। এসময় শহীদ দারোগ আলী মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

এর আগে বেলা এগারোটায় জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান শ্রীবরদী উজেলার গরজড়িপা ইউনিয়নের গোপালখিলা গ্রামে বেসরকারী হেলিকপ্টারযোগে নামেন। সেখানে তিনি শ্রীবরদী উপজেলা জামায়াতের সদ্যপ্রয়াত সেক্রেটারী নিহত মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করে দোয়া করেন এবং পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com