1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শরিয়া আইনের কথা বলে আমির হামজাকে ছাড় কেন: রাশেদ খাঁন

  • আপডেট টাইম :: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে ছড়িয়ে পড়া অডিও-ভিডিও এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের কাছে জবাব চেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি দাবি করেন, আমির হামজার বিরুদ্ধে ছড়িয়ে পড়া নারীসংক্রান্ত অডিও কথোপকথনটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী যাচাই-বাছাইয়ের জন্য কিছু অডিও ও ভিডিও তার কাছে পাঠিয়েছিলেন। সেগুলো নিজস্বভাবে যাচাই করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।

রাশেদ খাঁনের দাবি, জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাকে নিয়ে প্রায় ২০০টি ভিডিও তৈরি করে প্রচার করেছেন। এসব ভিডিওতে আমির হামজার কণ্ঠস্বর এআই দিয়ে তৈরি বলে দাবি করা হয়। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট দীর্ঘ অনুসন্ধানের পর সংশ্লিষ্ট অডিওতে শোনা কণ্ঠস্বর এআই দিয়ে তৈরি নয় বলে জানিয়েছে বলে দাবি করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, আমির হামজা একটি ওয়াজ মাহফিলে পবিত্র কোরআন সামনে রেখে তার বিরুদ্ধে ছড়ানো অভিযোগ অস্বীকার করেছেন এবং আল্লাহর নামে শপথ করেছেন। তার অভিযোগ, ভুল স্বীকার করার পরিবর্তে জামায়াতের নেতাকর্মীরা অভিযোগ উত্থাপনকারীদের মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা করছেন।

তিনি আরও দাবি করেন, আমির হামজা ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে অভিযোগ ওঠার পরও দলটির পক্ষ থেকে যথাযথ তদন্ত বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। বিএনপির এক সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাকে পদত্যাগের নির্দেশ দেওয়ার উদাহরণ টেনে রাশেদ খাঁন বলেন, জামায়াতের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের উদ্দেশে তিনি বলেন, আমির হামজাকে শুধু দল থেকে বহিষ্কার করলেই সমস্যার সমাধান হবে না। তাকে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগের নির্দেশ দিতে হবে। তা না হলে দলীয় নেতৃত্বের অবস্থান নিয়ে প্রশ্ন উঠবে।

বক্তব্যে জামায়াতের শরিয়াভিত্তিক রাজনীতির দাবির সমালোচনা করে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, দলটি যদি সত্যিই শরিয়া আইন প্রতিষ্ঠায় বিশ্বাস করে, তাহলে নিজেদের সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেবে? অভিযোগ প্রমাণিত হলে যথাযথ বিচার ও শাস্তির ব্যবস্থার আহ্বান জানান তিনি।

রাশেদ খাঁনের দাবি, নির্বাচনের আগেই আমির হামজাকে ঘিরে এসব অভিযোগ জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা হয়েছিল। বিষয়টি জানার পরও তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com