1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

আওয়ামী লীগ নেতার জন্য সুপারিশ: ঝিনাইগাতীতে বিএনপি নেতাকে শোকজ

  • আপডেট টাইম :: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ঝিনাইগাতী (শেরপুর) : নাশকতার মামলায় গ্রেফতার হওয়া এক আওয়ামী লীগ নেতাকে প্রভাব খাটিয়ে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদ মো. গোলাপ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

গত সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ নোটিশ দেওয়া হয়। নোটিশ পাপ্তির সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা ওই নোটিশটি মঙ্গলবার প্রকাশিত হয়।

নোটিশে উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর ঝিনাইগাতী থানা-পুলিশ নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে ধানশাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ হোসেন নিজের দলীয় পদ-পদবির প্রভাব খাটিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। তার এ কর্মকাÐ দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী বলে নোটিশে উল্লেখ করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা গোলাপ হোসেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ’ নির্ধারিত সময়ের মধ্যেই নোটিশের লিখিত জবাব দেবেন বলেও জানান তিনি।

উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান জানান, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিএনপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এসএম নূর মোহাম্মদ জানান, পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেয়। থানায় প্রভাব খাটিয়ে কোনো আসামিকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। ওই দিন একটি গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে ইউপি সদস্য আলমকে থানায় আনা হয়েছিল। তবে পরোয়ানায় উল্লেখিত নাম ও ঠিকানার সঙ্গে তাঁর নাম-ঠিকানার মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com