
বাংলার কাগজ ডেস্ক : রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। এ বিষয়ে বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জোরালো হতে থাকে। এর ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদকাল ছিল দেশের ইতিহাসের অন্যতম ঘটনাবহুল সময়। তার দায়িত্ব পালনকালেই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের শাসনকাল এবং সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া দেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপতি হিসেবে স্বল্প সময়ের ব্যবধানে তিন জন ভিন্ন সরকারপ্রধানকে শপথ পড়ানোর নজিরও গড়েছেন তিনি।