
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিজস্ব উদ্যোগে বিভিন্ন জাতের ধান উদ্ভাবনকারী সেন্টু কুমার হাজংয়ের কৃষি কার্যক্রম ও উদ্ভাবিত ধানের জাত সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
শুক্রবার (২৩ অক্টোবর) জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চাটকিয়া গ্রামে সেন্টু কুমার হাজংয়ের কৃষি কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা প্রশাসক তার উদ্ভাবনী উদ্যোগ, কৃষি অভিজ্ঞতা ও ধানের বিভিন্ন জাত সম্পর্কে খোঁজখবর নেন।
সেন্টু কুমার হাজংয়ের দাবি, সীমিত প্রশিক্ষণ ও নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে তিনি আমন ধানের ২২টি জাতসহ মোট ২৫টি ধানের জাত উদ্ভাবন করেছেন। তার উদ্ভাবিত ধানের জাতগুলোর দানা, রং, আকৃতি ও গাছের বৈশিষ্ট্যে ভিন্নতা রয়েছে।
তৃণমূল পর্যায়ের এমন উদ্ভাবনী উদ্যোগকে কৃষির সম্ভাবনাময় দিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। যথাযথ বৈজ্ঞানিক মূল্যায়ন ও গবেষণার মাধ্যমে এসব উদ্ভাবন দেশের কৃষিতে অবদান রাখতে পারে।
এসময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।