1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য যেকোনো আসামি বিদেশে পালিয়ে থাকলে তাদের ব্যাপারে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান।

শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিমান পাঠানোর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। এখন কে কোথা থেকে লুকিয়ে কী বলছে, সেটা নিয়ে আলোচনা করে গণমাধ্যম, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সময় নষ্ট হচ্ছে।

তিনি বলেন, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও একই উত্তর দেব। শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা দেশে এলে তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর কিংবা রিকশা পাঠানোর কোনো কথাই কারও সঙ্গে বাংলাদেশ সরকারের হয়নি।

শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মতো সক্ষমতা দিল্লির বাংলাদেশ হাইকমিশনের আছে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, তিনি কোথায় আছেন, সেটাই তো কেউ জানে না। পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত সাংবাদিকরা তার চেহারা দেখেছেন কি না, এমন প্রশ্নও তোলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ রয়েছে। হাদির হত্যাকারী এবং জুলাই-আগস্টে খুন, গুম ও হত্যার নির্দেশ দেওয়ার ঘটনায় সাজাপ্রাপ্ত যেসব আসামি ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছেন, তাদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার প্রসঙ্গকে ‘পলিটিক্যাল স্টান্ট’ আখ্যা দিয়ে শামা ওবায়েদ বলেন, ভাই, আসুক না। তিনি এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবেন। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না।

শেখ হাসিনা সারা দেশে তাণ্ডব সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গেছেন। এখন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের আবারও বিপদে ফেলার পাঁয়তারা করছেন।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট, এনআইডি বা অন্য কিছু দেওয়ার বিধান নেই। এর কোনো ব্যত্যয় ঘটবে না বলেও জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের অবস্থান স্পষ্ট জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবেন। শুধু তাই নয়, শেখ হাসিনা বাংলাদেশের যে মিশনেই যাবেন, সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান সংবিধানে নেই বলেও জানান তিনি।

এর আগে এদিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com