বাংলার কাগজ ডেস্ক: আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে তার বাসায় যায় পুলিশ। বুধবার সকালে রাজধানীর গুলশান থানার একজন উপপরিদর্শক (এসআই) পরোয়ানা নিয়ে তার বাসায় উপস্থিত হন। ওই সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গভবনে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিতে বাসা থেকে বের হচ্ছিলেন মাহমুদুর রহমান।
এ সময় পুলিশ কর্মকর্তা তাকে জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ওই পরোয়ানা কার্যকর করার উদ্দেশ্যেই তিনি সেখানে গেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলায় মাহমুদুর রহমান ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমকে আসামি করা হয়। ব্যারিস্টার মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান।
মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৫ ধারার পাশাপাশি ১২৩(ক) এবং ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
তবে হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটির কার্যক্রম স্থগিত করেছেন। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের একটি আদেশেও হাইকোর্টের স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করা হয়। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি।
এদিকে, স্থগিত থাকা মামলায় জারি করা পরোয়ানা কার্যকর করতে মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পরোয়ানাটির নম্বর আর-১৬/২৬। এটি জারি করা হয়েছিল ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে শতাধিক মামলা করা হয়। ২০১০ সাল থেকে রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগ, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত অপরাধ, আদালত অবমাননা ও মানহানিসহ বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগ এবং দলটির সহযোগী সংগঠনের নেতারা এসব মামলা দায়ের করেন।
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার এসব মামলার কয়েকটিতে আদালতের রায়ও হয়েছে। এসব মামলায় সাজা ভোগ করতে হয়েছে মাহমুদুর রহমানকে। তার দাবি, বিনা বিচারে তাকে দুই দফায় দীর্ঘ সময় কারাগারে আটক থাকতে হয়েছে।
সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার ছেলেকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা একটি মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয় তাকে।
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকার দায়িত্ব পালন করেছে। এর মধ্যে আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য জাতীয় সংসদে জানিয়েছেন। তবে মাহমুদুর রহমানসহ আমার দেশ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনো চলমান রয়েছে। নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হলে এসব মামলাতেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে।