1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: ভারতে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

ওয়ারী গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

যেভাবে গ্রেপ্তার হন ডরিন: পুলিশ সূত্রে জানা যায়, ডরিন রাজধানীর লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন। বুধবার রাতে ডিবির ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ করার অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

ভারতে খুন হন বাবা এমপি আনার: গ্রেপ্তারকৃত মুমতারিন ফেরদৌস ডরিনের বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি।

২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন তিনি। তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর বাংলাদেশ ও ভারতে তদন্ত শুরু হয়। পরে পুলিশ জানায়, কলকাতার একটি বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে।

বাবার হত্যার বিচার চেয়ে সরব ছিলেন ডরিন: এ ঘটনায় কলকাতায় একটি মামলা হয়। পাশাপাশি বাবার হত্যার ঘটনায় ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেছিলেন ডরিন।

বাবার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার চেয়ে সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করতে দেখা গিয়েছিল তাকে।

সেই ডরিনকেই এবার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করেছে ডিবি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com