
রাজবাড়ী: পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল একটি কাতল মাছ। পরে মাছটি ৪৮ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় সকালে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে ঢাকার এক ব্যবসায়ী মাছটি কিনে নেন। এর আগে, এদিন সকালে দৌলতদিয়া ঘাট বাজারে নিলামে মাছটি ৪৬ হাজার ২৫০ টাকায় কিনেছিলেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
এদিকে, একই দিন দৌলতদিয়া ঘাট বাজারে সাড়ে ১৫ কেজি ওজনের আরেকটি কাতলা মাছ ৩২ হাজার ৫৫০ টাকায় নিলামে বিক্রি হয়েছে। তবে দ্বিতীয় মাছটি এখনো কোনো ক্রেতার কাছে বিক্রি হয়নি।
স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ ভোরের দিকে পদ্মা নদীতে মাছ ধরতে বের হন গোয়ালন্দের জেলে জামাল কাজী ও তার ছেলে আরিফ কাজীসহ কয়েকজন। ফেরিঘাটের উজানে পদ্মা নদীতে জাল ফেলে তারা অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর জাল গুটিয়ে নৌকায় তোলার পর বড় আকারের কাতল মাছটি দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তারা।
পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে যান জেলেরা। সেখানে ওজন মেপে দেখা যায়, কাতলাটির ওজন সাড়ে ১৮ কেজি। তাৎক্ষণিক নিলামে মাছটি ৪৬ হাজার ২৫০ টাকায় কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, একই দিন সকালে ঘাট বাজারের জাহিদ মোল্লার আড়তে সাড়ে ১৫ কেজি ওজনের আরেকটি কাতলা মাছ নিলামে তোলা হয়। ৩২ হাজার ৫৫০ টাকায় সেটিও তিনি কিনে নেন। পরে বেশি ওজনের সাড়ে ১৮ কেজির কাতলা মাছটি ৪৮ হাজার ১০০ টাকায় ঢাকার এক পরিচিত বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।
আর সাড়ে ১৫ কেজি ওজনের মাছটি এখনো তার কাছেই রয়েছে। পদ্মার বড় আকারের এমন দুটি কাতলা মাছ ঘাট বাজারে আসায় সকাল থেকেই স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও উৎসুক মানুষের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।