
বাংলার কাগজ ডেস্ক: রোহিঙ্গাদের অবৈধভাবে বিভিন্ন নাগরিক সুবিধা প্রাপ্তি ও জাতীয় পরিচয় নিবন্ধন রোধ শীর্ষক নির্বাচন কমিশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বুধবার (৪ঠা নভেম্বর) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থের চেয়ে দেশকে গুরুত্ব দিতে হবে, ভোটার তালিকা হালনাগাদের সময় অথবা জাতীয় পরিচয় পত্র তৈরির আবেদনের সঙ্গে সংযুক্ত দলিলপত্র অনুমোদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থার কর্তৃপক্ষ ব্যক্তির নিশ্চিত হয়ে জন্ম নাগরিক এবং শিক্ষাগত সনদ দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোকে খুবই সচেতন হতে হবে। রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হতে পারে সেজন্য সংশ্লিষ্ট প্রতিটি দপ্তর এবং সংস্থাকে সনদ প্রদানের ক্ষেত্রে সর্তকতা অবলম্বনের আহ্বান জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইদুল ইসলাম।
রোহিঙ্গা অধ্যুষিত ৩২ টি বিশেষ অঞ্চলে নতুন আবেদনের ক্ষেত্রে পিতা-মাতার এনআইডি জন্ম নিবন্ধন, নাগরিক সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা, বিশেষ ফরম পূরণ ও দাদা-দাদির স্বাক্ষর, বিশেষ কমিটির নিকট উপস্থাপন, বিশেষ কমিটি কর্তৃক যাচাই-বাছাই, নিবন্ধন যোগ্য নাগরিক এর তালিকা প্রস্তুতের পর রেজিস্ট্রেশন ও ডাটা আপলোড কার্যক্রম শেষে ভোটার তালিকার প্রস্তুতিকরণ করা হয় বলে সভায় জানানো হয়।
ভার্চুয়াল মিটিংয়ে জাতীয় পরিচয় নিবন্ধন প্রক্রিয়ার সাথে জড়িত জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষের ডিজি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রতিনিধি, রোহিঙ্গা অধ্যুষিত ৩২টি বিশেষ অঞ্চলের জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রসাশক ও বিভাগীয় কমিশনার, পুলিশ, র্যাব বিজিবি ও পাসপোর্টসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত এবং জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে না পারে সেজন্য সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক সাথে কাজ করার ব্যপারে একমত পোষণ করেন।