1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

শেরপুর : ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এবং ‘নিরাপদ কৃষি, নিরাপদ কৃষক, নিরাপদ খাদ্যশস্য, পরিপূর্ণ বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ও কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। উদ্বোধনের পর তিনি অতিথিদের সঙ্গে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা ও কৃষকরা।

কৃষি বিভাগ জানায়, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, ফল চাষ, সংরক্ষণ পদ্ধতি ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে পরামর্শ দেওয়া হবে।

তিন দিনব্যাপী এ মেলায় ১০টি স্টলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কৃষি উদ্যোক্তা ও ফলচাষিরা দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের ফল, ফলের চারা, ফলভিত্তিক খাদ্যপণ্য এবং ফল সংরক্ষণ প্রযুক্তি প্রদর্শন করছেন।

আয়োজকদের আশা, এ মেলার মাধ্যমে কৃষকদের মধ্যে আধুনিক ও লাভজনক ফল চাষে আগ্রহ বৃদ্ধি পাবে এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com