
লালমনিরহাট: লালমনিরহাটে ট্রেন মিস করার পর গণধর্ষণের শিকার সেই কিশোরী (১৬) ফের ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।জেলার পাটগ্রাম উপজেলার ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে একই উপজেলার রবি মিয়া (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাটগ্রাম থানায় ভুক্তভোগী বাদী হয়ে মামলাটি দায়ের করে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত। তিনি বলেন, ‘এর আগে গত ৯ অক্টোবর এই কিশোরী কালীগঞ্জের কাকিনায় গণধর্ষণের অভিযোগ তুলে ইউপি সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে একটি গণধর্ষণ মামলা দায়ের করেছিলেন। যা দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়।গতকাল বৃহস্পতিবার ফের ধর্ষণ মামলা দায়ের করতে এসে আগের গণধর্ষণের ঘটনাটি অস্বীকার করলেও পরে তা স্বীকার করেছে ওই কিশোরী।’
গতকাল বৃহস্পতিবার দায়ের করা মা্মলার এজাহার সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার ওই কিশোরী একই উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কেরারটারী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে গত বুধবার সন্ধ্যায় তার বোন ও দুলাভাই বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী রবি মিয়া ওই কিশোরীকে ধর্ষণ করেন। ভুক্তভোগীর বোন বাড়িতে এসে তাকে উদ্ধার করেন। এসময় অভিযুক্ত রবি পালিয়ে যান। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশের চেষ্টা করে ব্যর্থ হয়ে পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই কিশোরী।