
বাংলার কাগজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ৩৯তম অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস মঙ্গলবার (৮ ডিসেম্বর) এ তালিকা প্রকাশ করেছে।
ফোর্বস সাময়িকী লিখেছে, টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা শেখ হাসিনা এবারের মেয়াদে খাদ্য নিরাপত্তা এবং জনগণের শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তি দিয়ে যাচ্ছেন।
ক্ষমতাধর নারীদের এ তালিকায় উপমহাদেশের রাজনীতিবিদদের মধ্যে আরও আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের, তিনি আছেন ৪১তম স্থানে।
প্রতি বছরই এ ধরনের তালিকা প্রকাশ করে ফোর্বস। এবার প্রকাশিত তালিকায় ৩০টি দেশের বিভিন্ন বয়সী নারীদের নাম এসেছে। তাদের মধ্যে রাষ্ট্র বা সরকারপ্রধান আছেন ১০ জন। ৩৮ জন বিভিন্ন কোম্পানির সিইও। বিনোদন জগতের পাঁচজনও এসেছেন ক্ষমতাধর নারীদের এই তালিকায়।