
নালিতাবাড়ী (শেরপুর) : প্রবাস ফেরত মেয়ের জামাতার টাকায় কেনা জমি ও প্রদানকৃত টাকা ফেরত চাওয়ায় গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে ওই জামাইকে। এ ঘটনায় চাচা শ্বশুর আসাদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার নালিতাবাড়ী থানায় শ্বশুরসহ জড়িতদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী মরিয়ম বেগম। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামে জামাইকে গাছে বেঁধে মারধরের এ ঘটনা ঘটে।
মামলার বিবরণে জানা যায়, বাদলাকুড়া গ্রামের মহর উদ্দিনের মেয়ে মরিয়ম খাতুনের সঙ্গে যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের সোরহাব হোসেন বাবুর বিয়ে হয়। বিদেশ ফেরত সোরহাব হোসেন বাবু শ্বশুর মহর উদ্দিনকে জমি কেনার জন্য ৬ লাখ ৫০ হাজার টাকা দেন। বৃহস্পতিবার পাওনা টাকা ও জমি চাইতে গেলে শ্বশুর মহর উদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শ্বশুরপক্ষের লোকজন সোরহাব হোসেন বাবুকে গাছের সাথে বেঁধে মারধর করে। খবর পেয়ে পুলিশ সোরহাব হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এলাকাবাসী জানিয়েছেন, সোহরাব হোসেন বাবু একজন প্রতারক ও মন্দ প্রকৃতির মানুষ। নিজ এলাকায় বসবাস করতে না পেরে কিছুদিন যাবত শ্বশুরবাড়ি বসবাস করছেন। এখানেও নানা অন্যায়ের সাথে জড়িয়ে পড়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে ঝগড়ার একপর্যায়ে শ্বশুরের গায়ে হাত তোলায় তাকে বেঁধে মারধর করা হয়।