
চট্টগ্রাম: চট্টগ্রামে শিশু ফাতেমা আক্তার মীমকে (৯) সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে আট আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ১৪ ডিসেম্বর সোমবার এ রায় দেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. জামিউল হায়দার। রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি একজন পলাতক রয়েছেন।
মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (১৬), মো. বেলাল হোসেন ওরফে বিজয় (১৮), মো. হাছিবুল ইসলাম ওরফে লিটন (২৬), মো. আকসান মিয়া প্রকাশ হাসান (১৮), মো. সুজন (২০), মো. মেহেরাজ প্রকাশ টুটুল (৩২), আয়শা মমতাজ মহলের কেয়ারটেকার মনিরুল ইসলাম মনু (৪৯) ও শাহাদাত হোসেন সৈকত (১৯)। এদের মধ্যে শাহাদাত হোসেন সৈকত পলাতক আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এ নাসের জানান, ফাতেমা আক্তার মীম হত্যাকাণ্ডের সব আসামিদেরই মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।
এর আগে ২০১৮ সালের ২১ জানুয়ারি চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকার ‘আয়শা মমতাজ মহল’ নামের একটি বাড়ি থেকে পুলিশ মীমের মরদেহ উদ্ধার করে। সে স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় পরদিন (২২ জানুয়ারি) রাতে মীমের মা রাবেয়া বেগম বাদী হয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন।
ওই বছরের ২৫ জানুয়ারি মামলার পাঁচ আসামি মো. বেলাল হোসেন ওরফে বিজয় (১৮), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (১৬), মো. হাছিবুল ইসলাম ওরফে লিটন (২৬), মো. আকসান মিয়া ওরফে হাসান (১৮) ও মো. সুজন (২০) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
ওই সময় পুলিশ জানায়, মায়ের সঙ্গে বিরোধের জেরে শিশু ফাতেমা আক্তার মীমকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়। শিশুটির মায়ের সঙ্গে গ্রেফতার হওয়া আসামি বেলাল হোসেন বিজয়ের বিরোধ ছিল। তার জেরেই বিজয় অন্যান্য আসামিদের যোগসাজশে তাকে তুলে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে।