
জয়পুরহাট: জয়পুরহাট সদরের পুরানপৈল রেলগেটে ট্রেনের ধাক্কায় বাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘পার্বতীপুর থেকে ছেড়ে আসা উত্তরা এক্সপ্রেস রাজশাহীতে যাচ্ছিল। পাঁচবিবি থেকে ছেড়ে আসা বাসটি জয়পুরহাটে যাওয়ার পথে পুরানপৈল রেলগেটে উঠে পড়ে। এতে ট্রেনটি ওই বাসকে ধাক্কা দিয়ে ৪০০ মিটার দূরে নিয়ে যায়। বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। আহত হন ছয়জন। তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি।’