
কুষ্টিয়া: কলেজের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কুষ্টিয়ার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কুষ্টিয়া পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, ‘‘কলেজের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ঘটনাটি ঘটানো হয়েছে। কয়া মহাবিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট নিজামুল হক চুনু এবং অধ্যক্ষ হারুনর রশিদের মধ্যে একটা দ্বন্দ্ব বিরাজমান। সেকারণে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে।
‘এ ঘটনার চাক্ষুস প্রমাণ রয়েছে। কলেজের দারোয়ান ঘটনাটি নিজের চোখে দেখেছে। দারোয়ান জানায়- গ্রেপ্তার তিনজনসহ বেশ কয়েকজন অনেক্ষণ ধরে মাঠে অবস্থান করছিলো। রাত ১১টা থেকে আড্ডার ছলে তারা অবস্থান করতে থাকে। রাত পৌনে ১টার দিকে হাতুড়ি দিয়ে ভাস্কর্যের তিনটি স্থানে আঘাত করে। পরে তারা মোটরসাইকেলে করে স্থান ত্যাগ করে।”
উল্লেখ্য, শুক্রবার (৪ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা একইভাবে হাতুড়ি দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুজেট সংগ্রহ করে পুলিশ। পরদিন শনিবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসার দুই ছাত্র ও তাদের সহযোগী দুই শিক্ষককে গ্রেপ্তার করে।