
ঢাকা: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কোনো বিষয় নিয়ে সাংবাদিক ও সরকারের মধ্যে দূরত্ব তৈরি হোক, এটা সরকার চায় না। সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে। তিনি অবশ্যই ন্যায়বিচার পাবেন।’
মঙ্গলবার (১৮ মে) রাতে রাজধানীর গুলশান-২ এ নিজ বাসভবনে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি প্রত্যাখ্যান করে ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমরা আইনমন্ত্রীকে বলেছি, যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে আমাদের অভিযোগ, তাদের কর্মকর্তা দিয়ে নিরপেক্ষ তদন্তের সুযোগ নেই। তাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি বাতিল করে প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে এবং এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
এর আগে রাত ৯টার দিকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে তার বাসভবনে বৈঠক শুরু করেন সাংবাদিক নেতারা। তারা রোজিনা ইসলামের মুক্তির বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। সাংবাদিক নেতারা রোজিনার দ্রুত মুক্তির জন্য আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অসুস্থ রোজিনার সুচিকিৎসার পাশাপাশি জড়িতদের বিচার দাবি করেন তারা।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম প্রমুখ বৈঠকে অংশ নেন।